ঢাকা: চলতি বছরের নভেম্বরে কোভিড-১৯ এর কারণে স্কুল বন্ধ থাকায় ক্ষতিগ্রস্ত শিশুর সংখ্যা ৩৮ শতাংশ বেড়েছে, যা বিশ্বব্যাপী অতিরিক্ত ৯ কোটি শিক্ষার্থীর শিক্ষা গ্রহণে অগ্রগতি ও সার্বিক কল্যাণের ওপর উল্লেখযোগ্য মাত্রায় চাপ সৃষ্টি করেছে।
মঙ্গলবার (৮ ডিসেম্বর) ইউনিসেফ এক প্রতিবেদনে এ তথ্য জানায়।ইউনেস্কোর সংগৃহীত তথ্য অনুসারে, গত ১ ডিসেম্বর পর্যন্ত বিশ্বব্যাপী প্রতি পাঁচজন স্কুলগামী শিশুর মধ্যে প্রায় একজনের বা মোট ৩২ কোটি শিশুর ক্লাসরুম বন্ধ রয়েছে, যা গত ১ নভেম্বরের ২৩ কোটি ২০ লাখের চেয়ে প্রায় ৯ কোটি বেশি। অন্যদিকে, অক্টোবর মাসে স্কুল বন্ধের কারণে ক্ষতিগ্রস্ত শিশুর সংখ্যা প্রায় তিনগুণ কমেছে।
ইউনিসেফের শিক্ষা কার্যক্রমের বৈশ্বিক প্রধান রবার্ট জেনকিনস বলেন, কোভিড-১৯ সম্পর্কে আমরা সবকিছু শেখা সত্ত্বেও, কমিউনিটিতে সংক্রমণে স্কুলের ভূমিকা এবং স্কুলে শিশুদের সুরক্ষিত রাখতে যেসব পদক্ষেপ আমরা নিতে পারি, সেক্ষেত্রে আমরা ভুল পথে ধাবিত হচ্ছি এবং এটা বেশ দ্রুততার সঙ্গে হচ্ছে। তথ্য-প্রমাণ বলছে, স্কুলগুলো এ মহামারির প্রধান চালিকা শক্তি নয়।
